জাগো সোনারগাঁও
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ সভায় মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপিরা) অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আমিনুল হক এবং ইপিআই সুপারিনটেনডেন্ট মো. লুৎফর রহমান। এছাড়া সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি হাসান মুহাম্মদ রাফি উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন কার্যালয় থেকে আগত অতিথিরা সোনারগাঁ উপজেলার মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইপিআই কার্যক্রমসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, টিকাদান কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের কাছে সরকারি স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।