
জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় যুবলীগের এক নেতা ও যুব মহিলা লীগের্নেএক নেত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকির এবং কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মৃত রেহান উদ্দিনের মেয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য।
সোমবার (০৫ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। একই রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, খালেদা আক্তার রোজি সাবেক সরকারের আমলে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নৌ চাঁদাবাজি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই, বালু ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলারও তিনি আসামি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।