
জাগো সোনারগাঁও ডেস্ক
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন-সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে গতকাল ধামরাই উপজেলায় বাইশাকান্দা ইউনিয়নের বার্ষিক ক্যাম্পেইন, র্যালি ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে জন- সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ে জন- সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ জসিম উদ্দিন মোল্লা এবং সার্বিক সহযোগিতায় জনাব মোঃ রেজাউল ইসলাম,মোঃ সাইফুল ইসলাম ও মিজানুর রহমান প্রমুখ। কর্মসূচির অংশ হিসেবে গ্রাম আদালত বিষয়ক নাটক প্রদর্শনী শেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায়
অংশগ্রহনকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে স্বল্প ব্যয়ে, দ্রুত ও সহজ উপায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ আদালতের দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয় এড়িয়ে সহজেই ন্যায়বিচার লাভের সুযোগ পাচ্ছেন। তাই গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সেবার পরিধি সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। গ্রাম আদালত সম্পর্কে জনগণের ইতিবাচক ধারণা তৈরি এবং সেবার প্রতি আস্থা বৃদ্ধিতে এ ধরনের সচেতনতা মূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।